মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ১৮ জন নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট এবং দুটি ককটেলসদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাসিন্দা বাবলু মিয়ার বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস এবং তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন পুলিশ দলসহ ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ বস্তু দুটি এবং চিরকুটগুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত একটি চিরকুটে পুলিশের নাম ব্যবহার করে এবং অন্যটিতে রাজনৈতিক স্লোগান উল্লেখ করে অত্যন্ত আপত্তিকর ভাষায় নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চিরকুটে মোট ১৮ জনের নাম রয়েছে, যাদের সবাই স্থানীয় বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।
ভুক্তভোগী বাবলু মিয়া জানান, এর আগেও তাকে কয়েকবার চিরকুট পাঠিয়ে অনুরূপ হুমকি দেওয়া হয়েছে, যার ফলে বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তা হীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং এই হুমকির সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।