বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

কলেজ শিক্ষককে হেনস্তা : ৫ ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলা, হেনস্তা এবং অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের ঘটনায় দ্রুত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চার নেতার বিরুদ্ধে বহিষ্কার ও পদ স্থগিতের আদেশ জারি করেছে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে এই ঘটনায় শোকজ করা হয়েছে কলেজ শাখা ছাত্রদলের সাবেক এক সভাপতিকে।

কলেজ শিক্ষককে হেনস্তা : ৫ ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা
ছবি : সংগৃহীত

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলা, হেনস্তা এবং অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের ঘটনায় দ্রুত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চার নেতার বিরুদ্ধে বহিষ্কার ও পদ স্থগিতের আদেশ জারি করেছে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে এই ঘটনায় শোকজ করা হয়েছে কলেজ শাখা ছাত্রদলের সাবেক এক সভাপতিকে।

গতকাল বুধবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো অনুমোদন করেছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া সাবেক সভাপতি আকবর হোসেনের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল দুপুরে কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন দাপ্তরিক প্রয়োজনে সস্ত্রীক ক্যাম্পাসে আসেন। ওই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন শিক্ষক একসঙ্গে মধ্যাহ্নভোজ করছিলেন। সেই মুহূর্তে রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়ে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর শুরু করে। হামলাকারীরা শিক্ষকদের খাবার খেতে বাধা প্রদানসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের ওপর শারীরিক আক্রমণ চালিয়ে তার পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়।

শিক্ষকদের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালী সরকারি কলেজ শিক্ষক পরিষদ বর্তমানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। ছাত্রদলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলেও শিক্ষকদের ঘোষিত এই আন্দোলন বা কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।