ইরান কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কতিপয় সংবাদমাধ্যমে প্রচারিত ইরানের তথাকথিত ‘পাঁচ দফা প্রস্তাব’ সংক্রান্ত খবরগুলোকে স্রেফ ভিত্তিহীন অনুমান বলে উড়িয়ে দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি।
পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এক বিবৃতিতে জানান, যতক্ষণ পর্যন্ত আগ্রাসনকারী পক্ষ উপযুক্ত শাস্তি না পায় এবং ইরানকে তাদের প্রাপ্য পূর্ণ ক্ষতিপূরণ প্রদান না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই সংঘাত চলমান থাকবে। তিনি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনার বিষয়ে তেহরানের ন্যূনতম আস্থা নেই। ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার দাবি করা হলেও বর্তমানে দুই দেশের মধ্যে কোনো স্তরের সংলাপ বা আলোচনা কার্যকর নেই বলে তিনি নিশ্চিত করেন।
এদিকে, বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালি যখন সম্পূর্ণ উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত হবে, কেবল তখনই যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করা হতে পারে। তিনি কঠোর ভাষায় সতর্ক করে বলেন, সেই পরিস্থিতি তৈরি হওয়ার আগ পর্যন্ত ইরানকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হবে। তবে তেহরানের পক্ষ থেকে এমন কোনো আলোচনার প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে, যা বর্তমান ভূ-রাজনৈতিক উত্তজনা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে।