রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

লেবাননে ইসরাইলি বিমান হামলায় সাংবাদিক নিহত

দক্ষিণ লেবাননের তাইরি শহরে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন আল-আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল। বুধবারের এই রক্তক্ষয়ী ঘটনায় জয়নাব ফারাজ নামের অপর এক সংবাদকর্মী মারাত্মকভাবে জখম হয়েছেন।

লেবাননে ইসরাইলি বিমান হামলায় সাংবাদিক নিহত
ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের তাইরি শহরে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন আল-আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল। বুধবারের এই রক্তক্ষয়ী ঘটনায় জয়নাব ফারাজ নামের অপর এক সংবাদকর্মী মারাত্মকভাবে জখম হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ-র বরাতে জানা গেছে, গত মার্চ থেকে এ পর্যন্ত লেবাননে ইসরাইলি সামরিক অভিযানে চারজন গণমাধ্যমকর্মী প্রাণ হারালেন।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথম দফার হামলা থেকে বাঁচতে সংশ্লিষ্ট সাংবাদিকরা পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে ওই ভবনটিতেই আঘাত হানে ইসরাইলি বাহিনী। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আমাল খলিলকে যখন উদ্ধারের চেষ্টা চলছিল, ঠিক তখনই পুনরায় হামলা চালানো হয়। এতে জয়নাব ফারাজ গুরুতর আহত হন। লেবানন রেড ক্রসের উদ্ধারকারীরা তীব্র গোলাবর্ষণ ও প্রতিকূল পরিস্থিতির মুখে জয়নাবকে উদ্ধার করে তিবনিন হাসপাতালে স্থানান্তর করেন। এই হামলায় সাংবাদিকদের বাইরেও আরও দুজন প্রাণ হারিয়েছেন এবং নাবাতিহ অঞ্চলে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী দুই সাংবাদিকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও উদ্ধার তৎপরতায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ প্রত্যাখান করেছে। তাদের ভাষ্যমতে, হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটি থেকে বের হওয়া দুটি সন্দেহজনক যানবাহনকে হুমকির কারণ হিসেবে চিহ্নিত করে তারা এই আক্রমণ চালিয়েছে। তবে সেই গাড়িগুলোতে থাকা ব্যক্তিদের প্রকৃত পরিচয় সম্পর্কে এখনো নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ময়কর বিষয় হলো, গত শুক্রবার থেকে দুই দেশের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এর মধ্যেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। সাংবাদিকদের নিশানা করে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ এবং সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সিপিজে। উল্লেখ্য, নিহত আমাল খলিল যে আল-আখবার পত্রিকায় কর্মরত ছিলেন, সেটি লেবাননের একটি বামপন্থী ও হিজবুল্লাহ ঘরানার গণমাধ্যম হিসেবে পরিচিত। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি বর্তমানে তাদের তদন্তের অধীনে রয়েছে।