নৃশংস হত্যাকাণ্ডে নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। আগামী ৯ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে।
৫ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করে। চিঠিতে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের অনুরোধ জানানো হয়। পরবর্তীতে মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডিগ্রি গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
এদিকে আগামীকাল (৬ মে ২০২৬) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজার আয়োজন করা হয়েছে। এরপর ৭ মে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে। মরদেহটি দুবাই ট্রানজিট হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময় তার সঙ্গে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।
পরিবারের সদস্যরা ফোন বন্ধ এবং যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থার কারণে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পরবর্তীতে তদন্তে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে আবর্জনার ব্যাগে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।
এ ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।