বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লিমন ও নাহিদা হত্যার প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশি স্টুডেন্ট ফোরাম।

লিমন ও নাহিদা হত্যার প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ
লিমন ও নাহিদা হত্যার প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশি স্টুডেন্ট ফোরাম।

বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী প্যারিসের ঐতিহাসিক প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের সভাপতি সাইফুল আলম সবুজের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের মুখপাত্র আল ফারাবি চৌধুরী, কো-অর্ডিনেটর ডালিয়া নিশাত, এক্সিকিউটিভ মেম্বার অলিয়া মাহজাবিন, কাজি মামুন, সেলিম হুসাইন, সহ-সভাপতি নুর জাহান শরিফা পূর্ণতা, মো. সাহেদুল ইসলাম, মিজানুর রহমান, এফবিজেএর সদস্য সাংবাদিক হাসান ইলিয়াছ তানিম এবং সাংবাদিক রোকনুজ্জামানসহ আরও অনেকে।

এছাড়াও ফ্রান্সে বসবাসরত বিভিন্ন বাংলাদেশি পেশাজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার দাবি করেন।

সমাবেশ থেকে আরও জানানো হয়, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।