যুক্তরাজ্য সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের হোটেল হিলটনের লবিতে গতকাল শনিবার সকালে এই অনানুষ্ঠানিক বৈঠকটি সম্পন্ন হয় বলে রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম নিশ্চিত করেছেন।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত কথোপকথনে সুদানের সরকারপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন। জবাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুদানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সে দেশের জনগণের শান্তি, টেকসই অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
বৈঠকে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক সংকটকালীন পরিস্থিতিতে রাষ্ট্রপতি যেভাবে ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সুদানের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী বাহিনীর গৌরবোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
আন্তরিকতা ও শুভকামনা জ্ঞাপনের জন্য সুদানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন যে, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় ও বেগবান হবে।