বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মারা গেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির ও হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে চট্টগ্রামের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মারা গেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির ও হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে চট্টগ্রামের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পারিবারিক সূত্র জানায়, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে ইসলামী অঙ্গন এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে। জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ পদুয়ার বাড়িতে ভিড় করেন প্রিয় এই আলেমকে শেষবারের মতো দেখতে।

জানা গেছে, মাওলানা সরওয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ হাকিমবক্স চৌধুরী পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পান। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শুরার সভায় তাকে দলের আমির নির্বাচিত করা হয়।

এ ছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শাহ ওয়ালীউল্লাহ একাডেমি, চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসা, পদুয়ার মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার দুপুর ২টায় লোহাগাড়ার পদুয়া ঠাকুরদিঘি হেমায়েতুল ইসলাম মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।