শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মবের শহরে পরিণত হয়েছে দেশ : রুমিন ফারহানা

দেশে ক্রমবর্ধমান ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে, বিগত দেড় বছর ধরে দেশ এক প্রকার ‘মবের শহরে’ পরিণত হয়েছে।

মবের শহরে পরিণত হয়েছে দেশ : রুমিন ফারহানা
ছবি : সংগৃহীত

দেশে ক্রমবর্ধমান ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে, বিগত দেড় বছর ধরে দেশ এক প্রকার ‘মবের শহরে’ পরিণত হয়েছে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এক জরুরি নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আইনজীবীদের চেম্বার পর্যন্ত কোথাও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত নেই।

আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য উল্লেখ করেন যে, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানদের হেনস্তা করার পাশাপাশি বরিশাল আদালত চত্বর এবং সুপ্রিম কোর্টের মতো মর্যাদাপূর্ণ স্থানেও মবের ঘটনা ঘটেছে, যা দেশের বিচার ব্যবস্থার ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। এ ছাড়া গণমাধ্যম কার্যালয়ে হামলা এবং চট্টগ্রাম ও কুষ্টিয়ায় তুচ্ছ কারণে পিটিয়ে হত্যার মতো নৃশংস ঘটনাগুলো সমাজের চরম নৈতিক অবক্ষয়েরই প্রতিফলন বলে তিনি দাবি করেন। তিনি মনে করেন, অপরাধের বিচার না হওয়ার দীর্ঘ সংস্কৃতিই সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে প্ররোচিত করছে।

রুমিন ফারহানা তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিগত দিনের প্রতিশ্রুতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, মন্ত্রী বারবার আশ্বাস দিয়েছিলেন যে দেশে আর মব কালচার বা বিচারহীনতা থাকবে না। কিন্তু বাস্তবতা হলো, একটির পর একটি লোমহর্ষক ঘটনা ঘটেই চলেছে। মানুষের মধ্যে বিদ্যমান হতাশা, পুঞ্জীভূত ক্ষোভ এবং সামাজিক বৈষম্যের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই এ ধরনের অরাজকতাকে উসকে দিচ্ছে।

বক্তব্যের শেষে তিনি চট্টগ্রামের দেড় বছর আগের একটি আলোচিত হত্যাকাণ্ডের উদাহরণ টেনে ক্ষোভ প্রকাশ করেন, যার বিচার আজও সম্পন্ন হয়নি। তিনি বলেন, যখন মানুষ প্রচলিত বিচার ব্যবস্থার ওপর আস্থা হারায়, তখনই এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির জন্ম হয়। জননিরাপত্তা রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনতিবিলম্বে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।