রাজধানীর মুগদা এলাকায় একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. খোকন (৫৫) ও মো. মাসুদ রানা (৩৫)।
শুক্রবার (২৪ এপ্রিল) র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, মুগদা এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের (৪৬) সঙ্গে গ্রেপ্তারকৃত খোকন ও মাসুদ রানাসহ আরও কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই শত্রুতার জেরে গত ২৩ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের স্ত্রী ও সন্তানদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আনোয়ার হোসেনের পরিবার গুরুতর আহত হন। এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-১০ এর একটি দল মুগদার উত্তর ঝিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে খোকন ও মাসুদ রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।