নাটোর-৩ (সিংড়া) আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের এনসিপির প্রার্থী এস এম জার্জিস কাদিরের নির্বাচনী কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে সিংড়ার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে এ ঘটনা সংঘটিত হয়। হামলায় দুই এনসিপি কর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন সুলতান সরকার (৪২) ও আবদুল আহাদ (৫০), যারা স্থানীয় মৌগ্রামের বাসিন্দা। তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এনসিপি অভিযোগ করেছে, হামলার সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকেরা জড়িত।
পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, এস এম জার্জিস কাদির তার কার্যালয়ে কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণা নিয়ে সভা করছিলেন। হঠাৎ ৩০–৪০ জন দেশীয় অস্ত্রসহ কার্যালয় ঘিরে ধরে হামলা চালায়। তারা চেয়ার-টেবিল ভাঙচুর এবং দেয়াল ক্ষতিসাধন করে। এ সময় দুই কর্মী মারধরের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সুলতান সরকার জানান, “আমরা নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা করছিলাম। তখন বিএনপি প্রার্থী আনোয়ার হোসেনের কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আবদুল জলিল (৪৫), ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈম হোসেন (২৬) এবং বিএনপি কর্মী আবদুস কুদ্দুস (৫০) হাঁসুয়া, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।”
অভিযোগ পাওয়া গেছে, বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচাশ্বশুর এবং তিনি নির্বাচনে আওয়ামী লীগের ক্যাডারদের ব্যবহার করছেন। তবে আনোয়ার হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো কর্মী বা সমর্থক যুক্ত নয়। এটি পরিকল্পিতভাবে ঘটিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।”
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”