সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, তিনি নির্বাচিত হলে তার অনুমতি ছাড়া কোনো পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না এবং অপরাধের প্রমাণপত্র ছাড়া কাউকে গ্রেপ্তারও করা যাবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এক জনসভায় ভোটারদের উদ্দেশে এসব আশ্বাস দেন তিনি।
সেলিম উদ্দিন বলেন, “সিলেটের মানুষের আত্মসম্মানবোধ আছে। কারও বাড়িতে পুলিশ যাওয়া মানে তার চৌদ্দ পুরুষের বংশের কপালে তিলক লাগানোর নামান্তর। অথচ যখন তখন কিছু থানার দালালরা দারোগাকে ব্যবহার করে পুলিশকে পাঠায় ও মামলার নামে বাণিজ্য করে। আমি যদি নির্বাচিত হই, তাহলে এই দুই উপজেলায় পুলিশ আমাকে জিজ্ঞাসা না করে কারও বাড়িতে যেতে পারবে না। তাদের যথেষ্ট প্রমাণ দিতে হবে। যার বাড়িতে যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। এই প্রমাণ না দিয়ে কোনো দারোগা কারও বাড়িতে যাবে না– আমি ফাইনাল কথা বলে দিলাম।”
তিনি আরও বলেন, “আপনারা যদি ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে বাড়িতে যেতে চান, তাহলে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আর তা না হলে টাকা নিয়ে বাড়ি যেতে পারবেন না। এমনকি সামনের দিনে মাছের বাজার করে মাছ নিয়েও বাড়ি যেতে পারবেন না।”
জনসভায় তিনি দাবি করেন, মা-বোনদের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। চলমান রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, কেউ বাড়ি করতে চাইলে চাঁদা দিতে হয়, দোকান করতে গেলেও চাঁদা দিতে হয়। পাশাপাশি তিনি যোগ করেন, “কেউ পেট্রোল পাম্প দিয়েছে, তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাবে– এই সুযোগ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে আর পাবেন না।”
সেলিম উদ্দিন আরও বলেন, “এমন কোনো অন্যায়, কেউ যদি কোনো নিরপরাধ কারও ওপর হাত তোলে, সেটা হবে আমার গায়ে হাত তোলা। এমন অপরাধ দেখলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”