সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা

বিরোধী দলে থাকা অবস্থাতেই যারা একজন মৃত মানুষের শেষকৃত্যে বাধা সৃষ্টি করে, তারা রাষ্ট্র পরিচালনার পূর্ণ ক্ষমতা পেলে সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করবে প্রশ্ন তোলেন তাসনিম জারা।

বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা জামায়াতে ইসলামীর রাজনৈতিক আচরণ ও দ্বৈত নীতির তীব্র সমালোচনা করেছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি প্রশ্ন তোলেন, বিরোধী দলে থাকা অবস্থাতেই যারা একজন মৃত মানুষের শেষকৃত্যে বাধা সৃষ্টি করে, তারা রাষ্ট্র পরিচালনার পূর্ণ ক্ষমতা পেলে সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করবে। তিনি উল্লেখ করেন, নিজেদের নেতৃবৃন্দের বেলায় দলটি সব সময় ন্যায়বিচার ও মানবাধিকারের কথা বললেও ভিন্নমতাবলম্বীদের ক্ষেত্রে তাদের অবস্থান সম্পূর্ণ বিপরীত।

তার ওই লেখায় পিরোজপুরের ৮৭ বছর বয়সী গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর উদ্ভূত অমানবিক পরিস্থিতির কথা বিস্তারিতভাবে উঠে আসে। শনিবার সকালে ওই বৃদ্ধের মৃত্যুর পর স্থানীয় জামায়াত কর্মীরা তাকে পিরোজপুরে সমাহিত করতে না দেওয়ার ঘোষণা দেয় এবং মাইকিং করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালায়। এমনকি মৃতের পরিবারের খোঁড়া প্রথম কবরটিও তারা ভরাট করে ফেলে বলে নিহতের মেয়ে অভিযোগ করেছেন। পরবর্তীতে সম্ভাব্য হামলার আতঙ্কে স্থানীয় কেউ এগিয়ে না আসায়, বাধ্য হয়ে নিহতের মেয়ে ও বোনেরাই নতুন করে মাটি কাটেন। শেষ পর্যন্ত গভীর রাতে কেবল পুলিশের পাহারায় ও প্রতিবেশীদের অংশগ্রহণ ছাড়াই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। পরিস্থিতি এতটাই বৈরী ছিল যে, নিজ গ্রামে ওই বৃদ্ধের জানাজা পড়ার বা পরিবারের পক্ষ থেকে প্রথা অনুযায়ী ক্ষমা চাওয়ার সামান্য সুযোগটুকুও দেওয়া হয়নি।

স্থানীয় এক জামায়াত নেতা মৃত ব্যক্তিকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান ও স্থানীয়ভাবে সমাহিত করার তীব্র বিরোধিতা করেছিলেন। এই প্রসঙ্গ টেনে তাসনিম জারা বলেন, কারও মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে সন্দেহ থাকলে তা যাচাই করার জন্য আইনি প্রক্রিয়া এবং নির্দিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সেটির ফয়সালা জোরপূর্বক দাফন আটকে দিয়ে হতে পারে না। একাত্তরে স্বাধীনতাবিরোধী অবস্থানে থাকা একটি দল বর্তমানে কে প্রকৃত মুক্তিযোদ্ধা এবং কার কবর কোথায় হবে, সেই বিচার করতে চাইছে। অথচ একসময় তাদেরকেও দেশ ছাড়ার মতো অন্যায্য স্লোগান শুনতে হয়েছিল। ভোটের আগে ইনসাফের কথা বললেও শোকাহত একটি পরিবারের সাথে এমন অমানবিক আচরণের মাধ্যমে দলটির প্রকৃত মানসিকতা প্রকাশ পেয়েছে বলে তিনি তার মন্তব্যে তুলে ধরেন।