শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা; ঢাকা-৯

নতুন ধারার রাজনীতির বার্তা দিয়ে ঢাকা-৯ আসনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। গ্যাসসংকট সমাধানে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার পাঠ শেষে ডা. তাসনিম জারা বলেন, “ভিন্ন ধারার রাজনীতি করা যে সম্ভব, তা আমি প্রমাণ করতে চাই। আমি শুরু থেকেই বলেছি, নির্বাচনের আগে আমি কোটি কোটি টাকা খরচ করব না। লাখ লাখ পোস্টারে নিজের শহর নোংরা করব না। অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগের কারণ হব না।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, লাখ লাখ পোস্টার কিংবা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং একটি আন্তরিক কথোপকথন। নতুন ধারার রাজনীতিতে যাঁরা বিশ্বাস করেন, তাঁরা অন্তত নিজেদের পাঁচজন প্রিয়জনের সঙ্গে কথা বলবেন। এলাকাবাসীকে বোঝাবেন যে, নতুনভাবে রাজনীতি করা সম্ভব। আমরা বিশ্বাস করি, অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়েও নির্বাচনে জিতে আসা সম্ভব; আর সেটা আমরা ঢাকা-৯ থেকেই প্রমাণ করব।”

সভায় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

ডা. তাসনিম জারার ঘোষিত ছয় দফা ইশতেহারের মূল বিষয়গুলো হলো—

১. গ্যাসসংকট: গ্যাস সরবরাহ না থাকলে বিল পরিশোধ করতে হবে না—এমন ‘নো সার্ভিস, নো বিল’ নীতি চালু।

২. শিক্ষা: স্কুল ও কলেজে ভর্তিতে এমপির কোটা বা বিশেষ সুপারিশ প্রথা বাতিল।

৩. নিরাপত্তা: এলাকাকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলা।

৪. পরিবেশ: পোস্টার ও মাইকিংমুক্ত পরিচ্ছন্ন নির্বাচনী প্রচারণা নিশ্চিত করা।

৫. স্বাস্থ্য: এলাকাবাসীর জন্য মানসম্মত প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা।

৬. স্বচ্ছতা: জনকল্যাণমূলক কাজে অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা।