ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে পরদিন শুক্রবার সকালে সারা দেশ থেকে প্রাপ্ত ফলাফল একত্র করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট ও জাতীয় নির্বাচনকে ঘিরে আয়োজিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হলেও ভোট গণনা হবে ম্যানুয়ালি। প্রতিটি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট সংসদীয় আসন অনুযায়ী গণনা করা হবে। তিনি স্পষ্ট করেন, ভোটের দিন বিকেল ৪টার মধ্যে ডাকযোগে পৌঁছানো ভোটই কেবল গণনার অন্তর্ভুক্ত হবে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে তিনস্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে।
দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, দ্বৈত নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে তারা প্রার্থী হতে পারবেন না। প্রার্থী হতে হলে অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।