ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি ও প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণে বাংলাদেশজুড়ে ৫৬ জন স্থায়ী পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা মূল্যায়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।
শনিবার (১৭ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে।
তিনি জানান, ইইউ পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণের পাশাপাশি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবেন। এ কাজে তারা নির্বাচন কমিশন, প্রার্থী ও রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় নাগরিক পর্যবেক্ষক গোষ্ঠীর সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করবেন।
ইন্তা লাসে আরও বলেন, স্থায়ী পর্যবেক্ষকরা দেশের ৬৪টি জেলার শহর ও গ্রামীণ উভয় এলাকায় দায়িত্ব পালন করবেন। ভোটের সময় ঘনিয়ে এলে তাদের সঙ্গে যুক্ত হবেন আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক। সব মিলিয়ে ভোটের দিন মাঠপর্যায়ে ইইউর প্রায় ২০০ জন পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।
নির্বাচন সম্পন্ন হওয়ার পর ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।