সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচনকালীন মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন সীমিত করবে বাংলাদেশ ব্যাংক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিকল্পনা হিসেবে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সীমাবদ্ধতার ফলে বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য এমএফএসে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে এক হাজার টাকা।

নির্বাচনকালীন মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন সীমিত করবে বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিকল্পনা হিসেবে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সীমাবদ্ধতার ফলে বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য এমএফএসে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে এক হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানায়, এই সীমা ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তির কাছে টাকা স্থানান্তরও সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্রের তথ্য অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে অর্থের অপব্যবহার রোধ এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা ঠেকাতে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই প্রস্তাব দিয়েছে। প্রস্তাবনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে। তবে প্রয়োজনে সীমার পরিমাণ সামান্য পরিবর্তিত হতে পারে।

বর্তমানে এমএফএস গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা লেনদেন করতে সক্ষম। নির্বাচনের সময়ে প্রস্তাব অনুযায়ী একজন গ্রাহক দিনে অন্য গ্রাহকের কাছে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠাতে পারবেন এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করতে পারবেন—যার প্রতিটির সীমা এক হাজার টাকা।

এদিকে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে সাধারণ গ্রাহকরা প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ টাকা লেনদেন করতে পারেন। নির্বাচনকালীন সময়ে ব্যক্তি থেকে ব্যক্তির টাকা স্থানান্তর বন্ধ রাখার প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে অর্থ লেনদেন সীমিত করার বিষয়ে কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।”

এছাড়া নগদ জমা ও উত্তোলনের ওপরও নজরদারি জোরদার করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কোনো একটি হিসাব থেকে এক দিনে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ জমা বা উত্তোলন হলে সংশ্লিষ্ট ব্যাংককে বিএফআইইউতে নগদ লেনদেনের প্রতিবেদন (সিটিআর) জমা দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ভিত্তিতে এই প্রতিবেদন দাখিল করা হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সিটিআরে কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংককে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ব্যত্যয় ধরা পড়লে অর্থ পাচার প্রতিরোধ আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।