মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, সম্প্রতি মার্কিন নৌবাহিনীর একটি পদক্ষেপের পরই এই পাল্টা হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করার পরপরই এই ড্রোন হামলা চালানো হয়।
ইরানের সশস্ত্র বাহিনী এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন নৌবাহিনীর ওই পদক্ষেপকে “সশস্ত্র জলদস্যুতা” হিসেবে আখ্যা দেয়। পাশাপাশি এটিকে যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়। তেহরান আগেই সতর্ক করেছিল যে, এই ঘটনার পাল্টা জবাব দেওয়া হবে।
তবে এখন পর্যন্ত মার্কিন সামরিক জাহাজটি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্য ও আশপাশের জলসীমায় দীর্ঘদিন ধরে চলমান ইরান-যুক্তরাষ্ট্রের সামরিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।