দেশের অর্থনৈতিক পরিস্থিতি যদি আরও নাজুক হয়ে পড়ে, তবে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি খুব দ্রুতই তাদের জনপ্রিয়তা হারাবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।তিনি মনে করেন, যারা ক্ষমতায় আসার আগে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিশ্রুতি দেন কিন্তু ক্ষমতায় বসার পর নিরঙ্কুশ কর্তৃত্ববাদ ছাড়া চলতে পারেন না, বিএনপিও সেই একই পথে হাঁটছে।
রোববার (৩ মে) বিকেলে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক জাতীয় কনভেনশনের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। এনসিপি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট’ বিষয়ক এই অধিবেশনে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।
মঞ্জু তার বক্তব্যে উল্লেখ করেন, অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করলে আগামী ২-৩ বছরের মধ্যেই বিএনপির জনসমর্থনে ধস নামতে পারে। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসকরা যখন জনসমর্থন হারিয়ে ফেলেন, তখন তারা ক্রমশ স্বৈরাচারী রূপ ধারণ করেন। তিনি সতর্ক করে বলেন, সুশাসন নিশ্চিতে ব্যর্থতা, চাঁদাবাজি, সর্বস্তরে দলীয়করণ এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখতে না পারলে সরকার দ্রুতই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।
বিগত দিনের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী তিন জোটের রূপরেখায় নিরপেক্ষ নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার কথা থাকলেও পরবর্তী সরকারগুলো তা রক্ষা করেনি। বিশেষ করে বিচার বিভাগ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বদলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, যা গণতন্ত্রকে চরম সংকটে ফেলেছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কনভেনশনে আরও বক্তব্য রাখেন রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতারা। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং খেলাফত মজলিসের মহাসচিব ড. আব্দুল কাদের। বক্তারা দেশের বর্তমান সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।