সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

অষ্টগ্রামে বিএনপির জনসভায় আসন নিয়ে সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্বাচনী জনসভায় বসার জায়গাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে কিশোরগঞ্জ-৪ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে আয়োজিত সভায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

অষ্টগ্রামে বিএনপির জনসভায় আসন নিয়ে সংঘর্ষ, আহত ২০
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্বাচনী জনসভায় বসার জায়গাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে কিশোরগঞ্জ-৪ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে আয়োজিত সভায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, জনসভা চলাকালীন কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সমাবেশস্থলে প্রবেশ করে। সে সময় আসন গ্রহণ করা নিয়ে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়তে শুরু করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে ওই সভায় মূল প্রার্থী ফজলুর রহমান উপস্থিত ছিলেন না।

সংঘর্ষের বিষয়ে যুবদল নেতা মাহবুব আলম কিসমত দাবি করেন, তাদের পক্ষের প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, বিএনপি নেতা সাদেক মিয়া পাল্টা দাবি করেছেন যে, সংঘর্ষে তাদেরও ৮ থেকে ১০ জন কর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানান, বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এই অপ্রীতিকর ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ না দিলেও অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের আগমুহূর্তে দলীয় কোন্দলের এই চিত্র স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।