নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ প্রাণ হারিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ৬৫ বছর বয়সী আব্দুল আজিজ ভাঙ্গুড়া উপজেলার কলকতি গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী ইন্দ্রজিৎ গুরুতর আহত হয়েছেন। তিনি সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েকদিন আগে আব্দুল আজিজ বন্ধু ইন্দ্রজিতের বাড়ি রাজশাহীতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সেখান থেকে মোটরসাইকেলে করে তারা ভাঙ্গুড়ায় ফিরছিলেন। পথিমধ্যে রাজ্জাক মোড় এলাকায় ঢাকাগামী একটি দ্রুতগতির বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পথ টেনে নিয়ে যায়, যার ফলে আরোহী দুজনেই মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ইন্দ্রজিতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতেই নিহত নেতার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রবীণ এই রাজনৈতিক নেতার আকস্মিক মৃত্যুতে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।