নতুন প্রজন্মকে ধর্মীয় অনুশাসনে উৎসাহিত করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পবিত্র রমজান মাসে নিয়মিত জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার স্বীকৃতিস্বরূপ নিজের নির্বাচনী এলাকার ৩১৭ জন কিশোরের হাতে তিনি নতুন বাইসাইকেল তুলে দিচ্ছেন।
রোববার বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই সাইকেল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। কর্মসূচির প্রথম দিনে মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ২৭ জন এবং রূপনগর টিনশেড এলাকার ১৮ জনসহ মোট ৪৫ জন কিশোরের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে আমিনুল হক জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোররা পুরো রমজান মাস মসজিদে এসে নিয়মিত নামাজ পড়লে তাদের সাইকেল দেওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, আজ তারই বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এই আয়োজনের মূল উদ্দেশ্য পুরস্কার প্রদান নয়, বরং কোমলমতি শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। ভবিষ্যৎ প্রজন্ম যেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে বেড়ে উঠতে পারে এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সারা জীবন এই অভ্যাস ধরে রাখে, সেই লক্ষ্যেই তার এই ক্ষুদ্র প্রয়াস।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে মিরপুরের ৪টি ওয়ার্ডের মোট ৬টি মসজিদে এই বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে। মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের পর তিনি রূপনগর টিনশেড এলাকায় গিয়েও কিশোরদের মাঝে সাইকেল বিতরণ করেন। আগামীতে এই কার্যক্রমের পরিধি আরও বিস্তার করার পরিকল্পনা ব্যক্ত করে তিনি বলেন, এ বছর ৬টি মসজিদে এই আয়োজন করা হলেও আগামীতে নির্বাচনী এলাকার আরও বেশি সংখ্যক মসজিদে এই উদ্যোগ চালুর চেষ্টা করা হবে।