রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, চালকসহ ৩ জন হাসপাতালে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর নদী থেকে তুলে আনা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে বাসটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি নদীতে পড়ার আগেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। দুর্ঘটনার সময় বাসের ভেতরে চালক, সুপারভাইজার এবং চালকের সহকারী ছিলেন। তাদের আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ৭ নম্বর ঘাট দিয়ে পন্টুন এলাকায় প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।