বুধবার, 4 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহী

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা কাটিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহী
ছবিঃ সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা কাটিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শুনানিতে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর মাহবুবুল আলম সালেহী বলেন,
“মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।”

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

এদিকে, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে এবার মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির তাসভীর উল ইসলাম, জামায়াতের মাহবুবুল আলম সালেহী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে আক্কাস আলী সরকার, জাতীয় পার্টির আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদের সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফতে মজলিসের মামুন অর রশিদ।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।