মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশ্বস্ত করেন যে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, প্রয়োজন অনুযায়ী তাদের মেয়াদের সময়সীমা বৃদ্ধি করা হবে।
বাহরাইনে চলমান সংঘাতের শিকার হয়ে প্রাণ হারানো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই মেয়াদ আরও বৃদ্ধি করার পদক্ষেপ নেওয়া হবে।
প্রবাসী কর্মীদের সামগ্রিক নিরাপত্তার বিষয়ে শামা ওবায়েদ বলেন, কর্মীরা যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন কিংবা বর্তমানে যে দেশে অবস্থান করছেন সেখানে সুরক্ষিত থাকতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মাধ্যমে সার্বক্ষণিক তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যের এই সংকটে এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি নিহতের তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে তিনজনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। বাকিদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিদেশে মানবপাচারের ঝুঁকি ও অবৈধ পন্থায় গমনের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, অবৈধভাবে বিদেশে গিয়ে অনেকেই বিভিন্ন দেশে আটকা পড়ছেন এবং প্রাণ হারাচ্ছেন। তাদের উদ্ধার করে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি যারা এই মানবপাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার কথাও উল্লেখ করেন।