স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে দিকনির্দেশনা ও পথ দেখিয়ে গিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সেই পথ অনুসরণ করেই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতির সততা, গভীর দেশপ্রেম এবং কর্মনিষ্ঠাকে নিজের মধ্যে ধারণ করে প্রধানমন্ত্রী দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
আজ মঙ্গলবার বিকেলে শ্রীপুরের মিজানুর রহমান খান মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীপুর পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে প্রধান অতিথি বলেন, দলীয় ভাবমূর্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই যেন কোনো মাদকাসক্ত ব্যক্তি কিংবা মাদক ব্যবসার সাথে জড়িত কেউ বিএনপির রাজনীতির সাথে যুক্ত হতে না পারে, সেই বিষয়ে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানান তিনি।
পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী। শোক ও স্মরণের এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারি, যুগ্ম আহ্বায়ক আহসান কবিরসহ শ্রীপুর পৌর বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ।