মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

রমজানের আগে স্থিতিশীল হবে এলপিজির বাজার, আশা দিলেন উপদেষ্টা

রমজান শুরু হওয়ার আগে দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজার স্থিতিশীল হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রমজানের আগে স্থিতিশীল হবে এলপিজির বাজার, আশা দিলেন উপদেষ্টা

রমজান শুরু হওয়ার আগে দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজার স্থিতিশীল হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টারপ্ল্যান (ইপিএসএমপি-২০২৬)’ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, কয়েক মাস ধরে এলপিজির অতিরিক্ত মূল্যে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এলপিজির সংকটের কারণ ব্যাখ্যা করে ফাওজুল কবির খান বলেন, “এলপিজির বাজারের ৯৮ শতাংশই বেসরকারি খাত নিয়ন্ত্রণ করে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত আমদানি হয়নি। এছাড়া জাহাজের সংকটও রয়েছে। ইরানের তেল কিনলে যুক্তরাষ্ট্র আগে নিষেধাজ্ঞা দেয়। সম্প্রতি ইরানি তেল পরিবহনকারী জাহাজগুলোর ওপরও তারা নিষেধাজ্ঞা জারি করেছে, ফলে জাহাজের সংখ্যা কমে গেছে।”

ফেব্রুয়ারি থেকে এলপিজি সরবরাহ বাড়বে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, “এর ফলে রমজানের আগেই বাজার স্থিতিশীল হবে।”

সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে তিনি আরও বলেন, “সরকার যখন দায়িত্ব নিয়েছিল, তখন অনেকেই বলেছিলেন ভয়াবহ লোডশেডিং হবে, উৎপাদন সংকটে পড়বে, রপ্তানি ব্যাহত হবে। কিন্তু ফলাফল হলো, আমরা একটি সম্পূর্ণ লোডশেডিংমুক্ত রমজান পেয়েছি। লাইন বা গ্রিডের কারণে কোথাও সীমিত লোডশেডিং হতে পারে, কিন্তু উৎপাদন বা সরবরাহ সংকটের কারণে কোথাও লোডশেডিং হয়নি।”

রমজানে প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, “গতবার যে ধরনের প্রস্তুতি ছিল, এবারও তেমনই নেওয়া হয়েছে। একদম লোডশেডিং হবে না তা বলা যায় না, তবে সরকারকে কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।”

জ্বালানি খাতে পাঁচটি নতুন অ্যাপ উদ্বোধন
আজ রোববার জ্বালানি খাতে পাঁচটি নতুন অ্যাপের উদ্বোধন করেন ফাওজুল কবির খান। অ্যাপগুলো হলো:

  • কেয়ারস্টেশন: ফিলিং স্টেশনে জনবান্ধব ও নারীবান্ধব পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিত করবে।

  • ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ড: তেল-গ্যাস উৎপাদন, পরিবহন, পরিচালনা ও বিপণনসহ জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কিত রিয়েলটাইম তথ্য সরবরাহ করবে।

  • এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশন: বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স আবেদন প্রক্রিয়া সহজ করবে।

  • অয়েল পারচেজ নেগোসিয়েশন: জ্বালানির আন্তর্জাতিক বাজারের রিয়েলটাইম তথ্য সংরক্ষণ করবে।

  • সজাগ ট্রেসপাস এলার্ট: পাথর ও বালুর অবৈধ আহরণের তথ্য পাওয়া যাবে।

উদ্বোধনের আগে অ্যাপগুলোর কার্যকারিতা পরীক্ষা করেন উপদেষ্টা। কিছু দুর্বলতা লক্ষ্য করে তিনি বলেন, “এই অ্যাপগুলো জনগণের জন্য কীভাবে উপকারিতা আনছে, তা আগে পরীক্ষা করা দরকার।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানিসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম।