দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের হারানো গৌরব পুনরুদ্ধার এবং বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভাধীন নোয়াপাড়ায় অবস্থিত 'জামদানি ভিলেজ' প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বেলা ১১টার দিকে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী জানান, জামদানি শিল্পের শিকড় ও ঐতিহ্য অনুসন্ধানে সরকারের প্রতিনিধি দল সুদূর ইংল্যান্ড পর্যন্ত সফর করেছে। সেখান থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন প্রান্তের দক্ষ কারিগরদের এই শিল্পে সম্পৃক্ত করা হচ্ছে। জামদানির ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা কার্যক্রমসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও কারিগরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাটশিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু কল উৎপাদন শুরু করেছে এবং বাকিগুলো চালুর প্রক্রিয়াাধীন রয়েছে। এর ফলে দেশের বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাটশিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে তিনি জানান।
সরেজমিনে জামদানি ভিলেজ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রতিমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় তাঁতিদের অভাব-অভিযোগ শোনেন। এছাড়া তিনি ওই এলাকার 'আব-ই-রওয়ান' প্রদর্শনী কেন্দ্রটি ঘুরে দেখেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।