বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন অভিনেতা বাপ্পারাজ।
একটি শক্তিশালী প্যানেল থেকে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন। একই জোটের হয়ে সাধারণ সম্পাদক পদে লড়বেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। গণমাধ্যমকে দুই শিল্পীই তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
নিজের প্রার্থিতা নিয়ে বাপ্পারাজ জানান, নায়করাজ রাজ্জাকের সমাধি জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে খবরটি জানানোর ইচ্ছা ছিল তার। তবে বিষয়টি আগেই প্রকাশ্যে চলে আসায় তিনি শিল্পীদের পক্ষ থেকে ব্যাপক সমর্থন ও ভালোবাসা পাচ্ছেন। অনেকে ফোন ও বার্তার মাধ্যমে তাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। শিল্পীদের অধিকার রক্ষা ও সমিতির উন্নয়নে তাদের অনুরোধেই তিনি এবার বড় এই দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে উল্লেখ করেন।
প্রসংগত, মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন বর্তমান কমিটির ২০২৪-২৬ মেয়াদের সময়সীমা গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। সমিতির গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে ভোটগ্রহণের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় খুব দ্রুতই নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। নতুন নেতৃত্বের আগমনে চলচ্চিত্র পাড়ায় এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।