সিরাজগঞ্জের কামারখন্দে দুর্বৃত্তরা জামায়াত ইসলামীর নির্বাচনী অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামে অবস্থিত ৪ নম্বর ওয়ার্ডের এই অফিসে ঘটনা ঘটে।
শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা ইউসুফ আলী জানান, “অন্য নির্বাচনী অফিসের মতো এই অফিসেও নিয়মিত কার্যক্রম চলছিল। হঠাৎ করে তিন পাশের বেড়া ও আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।”
তিনি আরও অভিযোগ করেন, “আমাদের বন্ধু প্রতীম সংগঠনের কিছু ব্যক্তিরা নির্বাচনে হুমকি-ধামকি দিয়ে আমাদের কার্যক্রম বন্ধ করতে চাইছে। যাতে আমরা ভোট চাইতে না পারি, কেন্দ্রে অবস্থান না করতে পারি এবং ভোটে এজেন্ট পাঠাতে না পারি। নির্বাচনী অফিস জ্বালিয়ে দেওয়া এ কাজেরই অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ আগুনের ঘটনা নিশ্চিত করে বলেন, “সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন বলেন, “নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া সম্পূর্ণভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে যেন কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়। এই ঘটনা রিটার্নিং কর্মকর্তাকে রিপোর্ট করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”