শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

সংসদ সদস্য হিসেবে নুসরাতের গেজেট প্রকাশ ঠেকাতে আবেদন মনিরার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন মনিরা শারমিন।

সংসদ সদস্য হিসেবে নুসরাতের গেজেট প্রকাশ ঠেকাতে আবেদন মনিরার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন মনিরা শারমিন।

রোববার (৩ মে) তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমের নাম গেজেটে প্রকাশ করা উচিত নয়। তা না হলে তিনি অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারেন বলে দাবি করেন।

মনিরা শারমিন আরও জানান, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার প্রার্থিতা প্রথমে বাতিল করা হয় এবং পরবর্তীতে আপিলও খারিজ হয়। পরে তিনি এ বিষয়ে হাইকোর্টে রিট করেন, যার শুনানি ৪ মে নির্ধারিত রয়েছে। তাই আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত বলে তিনি মনে করেন।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শুরুতে গ্রহণ না করা হলেও আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয়। এরপর তাকে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনিরা শারমিনের রিটের রায় অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত যদি তার পক্ষে রায় দেন, তাহলে সংশ্লিষ্ট আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত হবেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও একটি আসনকে ঘিরে এখনো আইনি অনিশ্চয়তা রয়ে গেছে।