সরকার পতনের যেকোনো হুমকির মোকাবিলা রাজপথেই করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিরোধী দল যদি সরকারকে হটানোর হুমকি দেয়, তাহলে বিরোধী দলের অবস্থান থেকেই আপনাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিরোধী দলের সদস্যরা সংসদে গঠনমূলক বক্তব্য দিলে সরকার সব সময় তার প্রশংসা করে। কিন্তু সংসদ এবং সংসদের বাইরে তাদের নেতাদের ছড়ানো 'বিষবাষ্পের' প্রভাবে বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্থিতিশীল হয়ে উঠছে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘাত বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
তিনি অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার জ্বালানি সংকট মোকাবিলায় একটি কার্যকর কমিটি গঠন করা হলে বিরোধীদলীয় নেতা সেটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছিলেন। অথচ সংসদ বন্ধ থাকাকালীন গত দুদিনে তাদের শীর্ষ নেতারা জনগণকে উসকানি দিয়েছেন এবং ১৭ দিনের মধ্যে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছেন।
সরকারের বৈধতা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এই প্রশাসন বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪-এর প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে আসেনি; বরং জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে তারা সংসদে বসেছেন। তিনি সংসদ নেতার উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটাতে তারা রাজপথে লড়াই করেছেন। তাই আবারও যদি কেউ হুমকি দেয়, তবে রাজপথেই তার সমুচিত জবাব দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার বিভক্তি নয় বরং শান্তির রাজনীতিতে বিশ্বাসী। ২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে কেবল পলাতক ফ্যাসিবাদের দোসররাই লাভবান হবে। তারা যদি পুনরায় ফিরে আসার সুযোগ পায়, তবে বর্তমান আন্দোলনকারীদের পরিণাম ভয়াবহ হতে পারে বলে তিনি বিরোধী দলকে সতর্ক করেন।