সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তার গুলিতে রেনে গুড (৩৭) নামে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।

স্বৈরাচার  বিরোধী  আন্দোলনে উত্তাল  যুক্তরাষ্ট্র
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তার গুলিতে রেনে গুড (৩৭) নামে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১০ জানুয়ারি) এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে মিনিয়াপোলিসসহ দেশটির বিভিন্ন শহরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। ‘ইন্ডিভিজিবল’ ও ‘এসিএলইউ’-এর মতো মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে এক হাজারেরও বেশি সমাবেশের ডাক দিয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আইস কর্মকর্তার গুলিতে রেনে গুড নিহত হওয়ার পর থেকেই মিনেসোটা অঙ্গরাজ্যে উত্তেজনা বিরাজ করছে। তীব্র শীত ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে শনিবার বিক্ষোভকারীরা মিনিয়াপোলিসের রাস্তায় নামেন। এ সময় আদিবাসী মেক্সিকান নৃত্যশিল্পীদের নেতৃত্বে প্রতীকী কফিন ও রেনে গুডের গাড়ি নিয়ে মিছিল করা হয়। বিক্ষোভকারীদের কণ্ঠে ‘অ্যাবলিশ আইস’ (আইস বিলুপ্ত করো) এবং ‘নো জাস্টিস, নো পিস—গেট আইস অব আওয়ার স্ট্রিটস’ স্লোগান প্রতিধ্বনিত হয়।

ঘটনা নিয়ে পরস্পরবিরোধী দাবি ঘটনার বিবরণ নিয়ে মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতৃত্ব এবং ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল প্রশাসনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। মিনেসোটা কর্মকর্তাদের দাবি, প্রত্যক্ষদর্শীদের ভিডিও ফুটেজে দেখা গেছে রেনে গুডের গাড়িটি আইস কর্মকর্তার থেকে উল্টো দিকে সরে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গুলি চালানো হয়। তারা এই হত্যাকাণ্ডকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে, আইসের তত্ত্বাবধায়ক সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) দাবি করেছে, ওই কর্মকর্তা আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছেন। তাদের ভাষ্যমতে, রেনে গুড গাড়িটি কর্মকর্তার দিকে চালিয়ে তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।

দেশজুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভ মিনিয়াপোলিসের এই ঘটনার পরদিন বৃহস্পতিবার ওরেগনের পোর্টল্যান্ডেও এক বর্ডার প্যাট্রোল কর্মকর্তার গুলিতে এক নারী ও পুরুষ আহত হন। এই জোড়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সাধারণ মার্কিন নাগরিক ও অধিকার রক্ষা কর্মীরা। নিউইয়র্কের ম্যানহাটনে অভিবাসন আদালতের সামনে এবং ফিলাডেলফিয়ার সিটি হল এলাকায় বড় ধরনের বিক্ষোভ মিছিল হয়েছে।

ইন্ডিভিজিবলের সহ-নির্বাহী পরিচালক লিয়া গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেন, “আমরা রেনের জন্য বিচার চাই এবং আমাদের সমাজ থেকে আইস-এর মতো সংস্থাকে বের করতে চাই। যথেষ্ট হয়েছে, এবার নির্বাচিত প্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সাম্প্রতিক সময়ে মিনিয়াপোলিস–সেন্ট পল এলাকায় প্রায় দুই হাজার ফেডারেল কর্মকর্তার মোতায়েন এবং আইস-এর এই বিশাল অভিযানকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যগুলোর রাজনৈতিক সংঘাত আরও চরম রূপ নিল।