ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সমাপ্তির দিনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে এক শোকাবহ ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থনে আয়োজিত শেষ নির্বাচনী মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে দুই প্রবীণ কর্মীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার সেলিমপুর ইউনিয়নের চর পাকুল্যা গ্রামের বাসিন্দা জোনাব আলী এবং একই ইউনিয়নের ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে স্বতন্ত্র প্রার্থীর একটি বিশাল গণমিছিল বের হওয়ার কথা ছিল। মিছিলের প্রস্তুতি চলাকালে হঠাৎ জোনাব আলী অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে, মিছিলটি যখন শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছিল, তখন জিয়াউর রহমান অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। উপস্থিত সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, তাদের একজন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং অন্যজনের শরীরে শর্করার মাত্রা বা ডায়াবেটিস হঠাৎ কমে গিয়েছিল।
এই আকস্মিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি জানান, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ তার শেষ দিনের মিছিলে যোগ দিতে এসেছিলেন। এর মধ্যে তার অত্যন্ত কাছের দুজন নিবেদিতপ্রাণ কর্মীর মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি শোকসন্তপ্ত পরিবার দুটির প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিরা বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং আগে থেকেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।