রাজধানীতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
শনিবার (৬ জুন) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এনসিপি প্রতিনিধিদল ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে হাকান ফিদান শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রাখা জুলাই বিপ্লবের জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান।
এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থন ও সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এনসিপি নেতারা।
সাক্ষাতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক যোগাযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক ও কৌশলগত ইস্যু গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বাংলাদেশ ও তুরস্কের তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে শক্তিশালী বিনিময় কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এনসিপি নেতারা।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, আতিক মুজাহিদ, আলাউদ্দিন মোহাম্মদ, হোমায়রা নূর এবং সালমান রিফাত।