পটুয়াখালীর বাউফলে একটি টয়লেটের নামফলকে নির্মাণ ব্যয় প্রায় দুই কোটি টাকা উল্লেখ থাকাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্য দ্রুতই জনমনে কৌতূহল ও বিতর্কের জন্ম দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে ইদু হাওলাদার বাড়ির সামনে একটি মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য টয়লেটটি নির্মাণ করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব তহবিল থেকে অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করে।
কাজ শেষে টয়লেটের দেয়ালে একটি নামফলক স্থাপন করা হয়। সেখানে প্রিন্টিংয়ের ভুলে নির্মাণ ব্যয় উল্লেখ করা হয় এক কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবক ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি সামনে আসার পর ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। আরিফুল নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন, সরকারি টাকা এভাবেই লুটপাট হচ্ছে। ইউনুস আলী নামের আরেকজন লেখেন, এত দামি টয়লেট আমরা ব্যবহার করতে চাই না।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, কত টাকায় টয়লেট নির্মাণ হয়েছে তা আমরা জানি না। নামফলকে দুই কোটি টাকা লেখা দেখে আমরা অবাক হয়েছি।
অন্যদিকে, বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ বলেন, একটি সামান্য ভুলের কারণে বিষয়টি বড় আকার নিয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র এটি ছড়িয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। তবে নামফলক ছাপানোর সময় ভুলবশত অতিরিক্ত শূন্য যুক্ত হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়। পরে বিষয়টি সংশোধন করা হয়েছে।