বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে খাসিয়াদের গুলিতে সালেহ আহমদ জয়ধর (৩২) নামের এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন।

ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা
ছবিঃ সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে খাসিয়াদের গুলিতে সালেহ আহমদ জয়ধর (৩২) নামের এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সালেহ আহমদ ওই উপজেলার কালাইরাগ এলাকার কারবালার টুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে মাদক সংগ্রহের উদ্দেশ্যে সালেহ আহমদ এবং তার দুই সহযোগী—মাসুম আহমদ (২২) ও সুমন মিয়া (২৭) সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। তারা সীমান্ত রেখা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে মারকান ও চংকেটের একটি সুপারি বাগানে পৌঁছালে সেখানকার খাসিয়ারা তাদের চোর সন্দেহে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সালেহ আহমদের মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য দুইজন প্রাণে বেঁচে যান এবং তারা নিহতের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনেন।

সুমন মিয়ার এক আত্মীয়ের বরাতে জানা গেছে, বিজিবির নজরদারি এড়িয়ে তারা প্রায়ই বিভিন্ন মালামাল ও মাদক আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতেন। বৃহস্পতিবার রাতেও একই উদ্দেশ্যে সেখানে গেলে খাসিয়াদের অতর্কিত হামলার শিকার হন তারা।

এই বিষয়ে বিজিবি-৪৮ (সিলেট) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সালেহ আহমদ ও তার সঙ্গীরা মূলত চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের চালান আনার জন্য ভারতের ভেতরে প্রবেশ করলে খাসিয়াদের গুলিতে এই নিহতের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সীমান্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে বিজিবির পক্ষ থেকে সতর্কতা বজায় রাখা হচ্ছে।