পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের যানজট পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় মহাসড়ক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এসময় তিনি জানিয়েছেন, মহাসড়কের কোথাও যানজট নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। “পুলিশ সদস্যরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন,” জানান প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, “আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে যানজট নিরসনে পুলিশ মাঠে তৎপর এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। এই স্বাভাবিক গতি যেন অব্যাহত থাকে এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মী কাজ করছে। আশা করি ঈদের ছুটিতে সকলেই নিরাপদভাবে বাড়ি ফিরতে পারবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপগুলো নিয়েছি।”
প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। সবকিছুই উনার নজরে রয়েছে। আশা করি জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই অনুযায়ী আমরা সেবক হয়ে কাজ করবো। যতক্ষণ আছি, জনগণের সেবা দিয়ে যাবো।”