সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। কারখানা কেনার বিষয়েও চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছিল। জমি বিক্রির ৫০ লাখ টাকা নরসিংদী শহরের ভাড়া বাসার আলমারিতে রেখে স্ত্রী-সন্তানদের নিয়ে দুর্গাপূজা উদ্‌যাপন করতে গ্রামের বাড়িতে যান তিনি। ছুটি শেষে ফিরে দেখেন, ফ্ল্যাটের ভেতরে আসবাব ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। ভাঙা আলমারি থেকে চুরি হয়েছে কারখানা স্থাপনের জন্য রাখা ৫০ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার।

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি
ছবি: সংগৃহীত

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। কারখানা কেনার বিষয়েও চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছিল। জমি বিক্রির ৫০ লাখ টাকা নরসিংদী শহরের ভাড়া বাসার আলমারিতে রেখে স্ত্রী-সন্তানদের নিয়ে দুর্গাপূজা উদ্‌যাপন করতে গ্রামের বাড়িতে যান তিনি। ছুটি শেষে ফিরে দেখেন, ফ্ল্যাটের ভেতরে আসবাব ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। ভাঙা আলমারি থেকে চুরি হয়েছে কারখানা স্থাপনের জন্য রাখা ৫০ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার।

নরসিংদী শহরের সেবাসংঘ এলাকায় নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে। সুখন চৌধুরী গত পাঁচ বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইং কারখানায় কাজ করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।

এ ঘটনায় শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুখন চৌধুরী।

তিনি জানান, ডাইং কারখানা করার উদ্দেশ্যে গ্রামের জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা বাসায় রেখেছিলেন। কারখানা কেনার বিষয়ে কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। স্ত্রীর স্বর্ণালংকারও একই আলমারিতে রাখা ছিল। পরিবারের কেউ বাসায় না থাকায় গত ছয় দিনের মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটে বলে তাঁর ধারণা।

সুখন চৌধুরী বলেন, ডাইং কারখানা গড়ে তোলা ছিল তাঁর সারা জীবনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের জন্য জমি বিক্রি করে টাকা জমিয়েছিলেন। কিন্তু চোরেরা সেই টাকা নিয়ে যাওয়ায় তাঁর স্বপ্ন ভেঙে গেছে।

সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, দুর্গাপূজা উপলক্ষে গত রোববার দুপুরে নরসিংদীর বাসায় তালা দিয়ে তাঁরা গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাত আটটার দিকে ফিরে এসে চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তালা কাটার পরও দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। এরপর ভবনের পেছনে গিয়ে তাঁরা জানালার গ্রিল কাটা দেখতে পান।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় জানালার গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করেন সুখন। তিনি ফ্ল্যাটের দরজা খুলে দেওয়ার পর পরিবারের সদস্যরা ঘরে ঢুকে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। আলমারিও ভাঙা ছিল। সেখানে রাখা আট ভরি স্বর্ণালংকার ও কারখানা করার জন্য জমিয়ে রাখা ৫০ লাখ টাকা পাওয়া যায়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।