সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকির কারণে তিন দিন ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। ঝুঁকি পুরোপুরি না কাটলে ওয়েবসাইটটি চালু করা হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রোববার সকালে ওয়েবসাইট চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শনিবার রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইট চালুর প্রস্তুতি থাকলেও রাত সাড়ে ৮টা পর্যন্ত ঝুঁকি বিদ্যমান ছিল। তিনি বলেন, বিশ্বব্যাপী সাইবার হামলার ঝুঁকি যতক্ষণ থাকবে, ততক্ষণ ওয়েবসাইট চালু করা হবে না। এ বিষয়ে তথ্যপ্রযুক্তি দল সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।
বিশ্বজুড়ে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওয়েবসাইটটি বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার ব্যাংক খোলার কথা রয়েছে। সেই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়েবসাইটটি চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর এ সতর্কতা জারি করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দেয়। দ্রুত নিরাপত্তা হালনাগাদ বা আপডেট করা সম্ভব না হলে এ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার আরিফ হোসেন খান জানিয়েছিলেন, বিশ্বব্যাপী সাইবার হামলার ঝুঁকি তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।
পিএইচপি ডেভেলপমেন্ট টিম গত বুধবার নিরাপত্তার ত্রুটি দুটি সংশোধনের জন্য জরুরি আপডেট বা প্যাচ প্রকাশের ঘোষণা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ত্রুটি দুটি নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার পর ইউরোপের বিভিন্ন সরকারি সংস্থাও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের ওয়েবসাইট বন্ধ রেখেছিল।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকলেও আর্থিক খাতের অন্য নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট সচল রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট (সিআইআরটি)। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, পিএইচপি সিস্টেমে দুটি ঝুঁকিপূর্ণ দুর্বলতা শনাক্ত হয়েছে, যেগুলোকে ‘পিএইচপি২শেল’ নামে চিহ্নিত করা হয়েছে। এসব দুর্বলতার সুযোগ নিয়ে অননুমোদিত ব্যক্তিরা পিএইচপি প্রযুক্তিতে পরিচালিত ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা ভেঙে প্রবেশ করতে পারে।