রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে দোলনচাঁপা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর পার্বতীপুর-রংপুর পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রংপুর রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার ইমরুল কায়েস বলেন, রেললাইনের ওপর বাঁশ ও খড়ি পড়ে থাকার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে লালমনিরহাট থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। আপাতত বদরগঞ্জের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
যাত্রীরা জানান, বদরগঞ্জ স্টেশনের কাছে ১ নম্বর লাইনে পৌঁছানোর পর ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এ সময় অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। তবে দূরপাল্লার যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।
পার্বতীপুরগামী যাত্রী ওবায়দুল হক ও মাজেদ আলী বলেন, আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনটিতে অস্বাভাবিক শব্দ হচ্ছিল। বদরগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর চতুর্থ বগির মাঝামাঝি অংশের কয়েকটি চাকা লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী চালককে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালক রফিকুল ইসলাম ট্রেন থেকে নেমে যান।