সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

গোপালগঞ্জে মিছিলকারীদের মারধরে দুই পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে পুলিশ সদস্যদের মারধর এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন।

গোপালগঞ্জে মিছিলকারীদের মারধরে দুই পুলিশ সদস্য আহত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে পুলিশ সদস্যদের মারধর এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার রঘুনাথ ইউনিয়নের পুরাতন খেয়াঘাট এলাকার সেতুসংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

আহত দুই পুলিশ সদস্য হলেন সদর থানার এসআই ফুলমিয়া ও কনস্টেবল মাহবুবুর রহমান।

পুলিশ সদস্যদের মারধর ও গাড়ি ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একদল যুবককে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়। তাঁদের হাতে হকিস্টিক ও কাঠের লাঠি ছিল।

ভিডিওতে দেখা যায়, বাজারের মোড়ে পুলিশের একটি গাড়ি দাঁড় করানো ছিল। গাড়িটির পাশে তিনজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন। একপর্যায়ে মিছিলকারীরা গাড়িটিতে ভাঙচুর শুরু করেন। চালক গাড়ি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁরা পিছু নিয়ে আবারও গাড়িটিতে হামলা চালান। পরে কয়েকজন যুবক পুলিশ সদস্যদের মারধর করেন। পরিস্থিতির একপর্যায়ে পুলিশ সদস্যরা দৌড়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সদর থানা-পুলিশের চার সদস্যের একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। তাঁরা খেয়াঘাট এলাকায় গাড়ি থামিয়ে বাজারে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করেন। পরে পুলিশ সদস্যদেরও মারধর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আহত পুলিশ সদস্যরা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।