সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

সোমবার রাতে কমলাপুর থেকে কক্সবাজারের ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনটি সোমবার থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। বর্ধিত এই রুটে ট্রেনটির প্রথম যাত্রা শুরু হবে সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে।

সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস
ছবি: সংগৃহীত

সোমবার রাতে কমলাপুর থেকে কক্সবাজারের ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনটি সোমবার থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। বর্ধিত এই রুটে ট্রেনটির প্রথম যাত্রা শুরু হবে সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে।

সোমবার রাতে কমলাপুর স্টেশনে ট্রেনটির ঢাকা-কক্সবাজার রুটের যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানিয়েছেন, মহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় ট্রেনটি কমলাপুর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।

তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মহানগর এক্সপ্রেস আগে যেসব স্টেশনে থামত, সেগুলোর মধ্যে শুধু কুমিরা স্টেশনে আর যাত্রাবিরতি দেবে না ট্রেনটি। বাকি স্টেশনগুলোতে আগের মতোই যাত্রী ওঠানামা করতে পারবেন।

ঢাকা-কক্সবাজার রুটে প্রথম যাত্রায় মহানগর এক্সপ্রেসে আগের মতোই ১৬টি কোচ থাকবে। যাত্রীদের চাহিদা বিবেচনা করে ভবিষ্যতে কোচের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মামুনুল ইসলাম।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে মহানগর এক্সপ্রেসকে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চালানোর সিদ্ধান্তের কথা রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টকে জানানো হয়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় কক্সবাজারের উদ্দেশে আবার যাত্রা শুরু করবে। ট্রেনটি সকাল ৬টায় কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে।

ফেরার পথে ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ছাড়বে। বেলা ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর ২০ মিনিট বিরতি দিয়ে সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকা থেকে কক্সবাজার কিংবা কক্সবাজার থেকে ঢাকা যেতে ট্রেনটির সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা।

কমলাপুর থেকে যাত্রা শুরুর পর মহানগর এক্সপ্রেস বর্তমানে ১১টি স্টেশনে থামবে। স্টেশনগুলো হলো—ঢাকার বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী। তবে কক্সবাজার রুটে চলাচলের সময় সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে না।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে দুই জোড়া এবং চট্টগ্রাম থেকে দুই জোড়া ট্রেন চলাচল করে। ঢাকা থেকে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়া মধ্যবর্তী অন্য কোনো স্টেশনে থামে না। অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রবাল ও সৈকত এক্সপ্রেস মধ্যবর্তী স্টেশনগুলোতে যাত্রাবিরতি দিয়ে যাত্রী ওঠানামা করায়।

মহানগর এক্সপ্রেসের ১৬টি কোচে সর্বোচ্চ ৭৩৬টি আসন রয়েছে। ট্রেনটি সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন চলাচল করবে। রোববার এর সাপ্তাহিক ছুটি।