অনুমতি ছাড়া সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ায় খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সহকারী একান্ত সচিব (এপিএস) আবদুল আউয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
খাদ্যমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী আবদুল আউয়ালকে অব্যাহতি দেওয়ার আদেশ জারি করা হয়। এর আগে গত ১১ অক্টোবর তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন।
ওই সফরের জন্য ৮ অক্টোবর মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচি জারি করা হয়েছিল। তবে এপিএসের ওই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আগে থেকে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে আবদুল আউয়ালকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেন মন্ত্রী।
এদিকে সোমবার জারি করা পৃথক এক আদেশে মিজানুর রহমানকে খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আফরোজা খানম যত দিন খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকবেন অথবা মিজানুর রহমানকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এ নিয়োগ কার্যকর থাকবে।