সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

ইনানীতে অবৈধ রিসোর্ট গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী, মালিকের দাবি ক্ষতি ৬ কোটি টাকা

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে অবৈধভাবে নির্মিত একটি চারতলা রিসোর্ট ভবন গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার শুরু হওয়া যৌথ উচ্ছেদ অভিযানের প্রথম দিনেই ভবনটি ভেঙে ফেলা হয়। রিসোর্টটির মালিক শহিদুল হকের দাবি, ভবনটি নির্মাণে তাঁর প্রায় ৬ কোটি টাকা ব্যয় হয়েছে

ইনানীতে অবৈধ রিসোর্ট গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী, মালিকের দাবি ক্ষতি ৬ কোটি টাকা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে অবৈধভাবে নির্মিত একটি চারতলা রিসোর্ট ভবন গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার শুরু হওয়া যৌথ উচ্ছেদ অভিযানের প্রথম দিনেই ভবনটি ভেঙে ফেলা হয়। রিসোর্টটির মালিক শহিদুল হকের দাবি, ভবনটি নির্মাণে তাঁর প্রায় ৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে ইনানী সৈকত এলাকায় এ অভিযান চালানো হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নেতৃত্বে অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও আনসার বাহিনী।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে নৌবাহিনীর জেটির পূর্ব পাশে রয়েছে তারকা হোটেল রয়েল টিউলিপ। এর উত্তর পাশে অবস্থিত আরেকটি তারকা হোটেল বে ওয়াচ। এই দুই হোটেলের মাঝখানে ছিল চারতলা রিসোর্ট ভবনটি।

সোমবার সকাল ১১টার দিকে ভবনটির সামনে খননযন্ত্র ও শ্রমিক নিয়ে আসা হয়। উচ্ছেদ অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারা সেখানে জড়ো হন। দুপুরে ভবনের নিচতলা এবং দুই পাশে থাকা ১০ থেকে ১২টি দোকানঘর ভেঙে ফেলা হয়। পরে ভবনের কাচ ভেঙে মূল কাঠামোর পিলার অপসারণের কাজ শুরু হয়।

কউকের কর্মকর্তারা জানান, ভবনটি মালিকপক্ষকে নিজ উদ্যোগে ভেঙে ফেলার জন্য চারবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশ পাওয়ার পরও ভবনটি সরিয়ে নেওয়ার উদ্যোগ না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে তাঁদের দাবি।

তবে নোটিশের জবাব না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মালিক শহিদুল হক। তাঁর ভাষ্য, ২০১৪ সালে ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে ভবনটির নির্মাণকাজ শুরু করেন তিনি। সম্প্রতি নিচতলায় কয়েকটি দোকান, দ্বিতীয় তলায় রেস্তোরাঁ এবং তৃতীয় ও চতুর্থ তলায় পর্যটকদের থাকার জন্য কক্ষ তৈরি করা হয়েছিল। অল্প সময়ের মধ্যেই রিসোর্টটি উদ্বোধনের পরিকল্পনা ছিল তাঁর।

শহিদুল হক বলেন, ‘চারটি নোটিশেরই জবাব দিয়েছি। ভবন নির্মাণের বিপরীতে কাগজপত্রও আছে, কিন্তু কেউ তা আমলে নিচ্ছে না।’

টুপটুপ রিসোর্টে প্রাণহানির পর উচ্ছেদ অভিযান

গত ১৭ অক্টোবর সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে অবস্থিত তিনতলা টুপটুপ রিসোর্টে আগুন লেগে ১০ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার পর মেরিন ড্রাইভের পাশে কউকের অনুমোদন ছাড়াই হোটেল-রিসোর্টসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের বিষয়টি সামনে আসে। এরপর অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।

কউকের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০১৬ সালে সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে কক্সবাজার পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় ভবন নির্মাণের জন্য প্রায় ১ হাজার ৭০০টি নকশা অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের দুই পাশে অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেখানে প্রায় আড়াই হাজার স্থাপনা গড়ে উঠেছে।

জসিম উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, এসব স্থাপনার মধ্যে ২০০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। তারকা মানের কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশেরই বৈধ অনুমোদন নেই। মেরিন ড্রাইভ এলাকায় প্রায় ২০০টি রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ রয়েছে বলেও জানান তিনি। এসব স্থাপনার বেশির ভাগই কাঠ ও বাঁশ দিয়ে তৈরি।

কউক চেয়ারম্যান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সম্প্রতি নোটিশ দেওয়া হয়েছে। বারবার নোটিশ দেওয়ার পরও স্থাপনা অপসারণ না করায় যৌথ অভিযান চালানো হচ্ছে। মেরিন ড্রাইভে কোনো অবৈধ স্থাপনা রাখতে দেওয়া হবে না।

সৈকত ও শহর এলাকায় স্থাপনা নির্মাণে বিধিনিষেধ

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, মেরিন ড্রাইভের দুই পাশে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) সমুদ্রসৈকতের ৫০০ গজের মধ্যে এবং শহর এলাকায় পৌরসভার ৩০০ গজের মধ্যে রিসোর্ট, কটেজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। এ কারণে মেরিন ড্রাইভের শতাধিক রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ কউকের অনুমোদন পায়নি।

জেলা প্রশাসক জানান, কউকের অনুমোদন না থাকলে ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন দপ্তরের অনুমতিও পাওয়া যায় না। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে। একই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ উচ্ছেদ অভিযান চলছে।

যেসব প্রতিষ্ঠানের কিছু কাগজপত্র রয়েছে, কিন্তু সব অনুমোদন সম্পন্ন হয়নি, সেগুলোর অনুমোদনপ্রক্রিয়া দ্রুত করতে ব্যবসায়ীরা ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

পরিবেশ ছাড়পত্র না থাকায় ২৬ রিসোর্টকে নোটিশ

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া রিসোর্ট ও রেস্তোরাঁ পরিচালনার কারণে সম্প্রতি ২৬টি রিসোর্ট এবং ১০টি রেস্তোরাঁকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব না দেওয়ায় ১৪টি রিসোর্টকে জরিমানা করা হয়েছে এবং দুটি রিসোর্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, ১৯৯৯ সালে মেরিন ড্রাইভ-সংলগ্ন সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে সরকার।

উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন কক্সবাজার মেরিন ড্রাইভ রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান। তিনি বলেন, মেরিন ড্রাইভ এলাকায় ব্যাঙের ছাতার মতো অনেক রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। অবৈধ হোটেল-রিসোর্টগুলোকে আইনের আওতায় আনা হোক, সেটি তাঁরাও চান। টুপটুপ রিসোর্টে আগুনে পর্যটকদের প্রাণহানির ঘটনায় কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, তাঁদের সমিতিতে ১৮৭ জন সদস্য রয়েছেন। তাঁর দাবি, সমিতির তালিকাভুক্ত প্রায় সব হোটেল ও গেস্টহাউসের অনুমোদন রয়েছে। তবে সমিতির তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র সম্পর্কে তিনি জানেন না।