শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

যারা বিক্রি হচ্ছেন তাদের হিসাব ১২ তারিখের পর হবে: বিএনপি প্রার্থী ফারুক

নোয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক তার নির্বাচনী এলাকায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালানো নেতাকর্মী ও স্থানীয় জামায়াত অনুসারীদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন।

যারা বিক্রি হচ্ছেন তাদের হিসাব ১২ তারিখের পর হবে: বিএনপি প্রার্থী ফারুক
ছবিঃ সংগৃহীত

নোয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক তার নির্বাচনী এলাকায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালানো নেতাকর্মী ও স্থানীয় জামায়াত অনুসারীদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন।

আজ সোমবার বিকেলে সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের আবুল খায়ের উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা আদর্শ বিচ্যুত হয়ে বিক্রি হয়ে গেছেন, তাদের প্রকৃত হিসাব আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরেই নেওয়া হবে।

জনসভায় অভিযোগ তুলে এই প্রবীণ রাজনীতিক বলেন, বিএনপির বহিষ্কৃত কিছু নেতা এবং জামায়াতের একটি অংশ ধানের শীষের বদলে স্বতন্ত্র প্রার্থীর ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছে, যা কোনোভাবেই রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তিনি আক্ষেপ করে বলেন, যারা এক সময় বিএনপির রাজনীতি করেছেন এবং বর্তমানে বহিষ্কৃত অবস্থায় আছেন, তাদের উচিত ছিল ভুল স্বীকার করে ধানের শীষের পক্ষে কাজ করা। কিন্তু তারা তা না করে ‘স্বতন্ত্র বেঈমান’ প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। ফারুক সতর্ক করে দিয়ে বলেন, যাদের অন্তরে ধানের শীষের আদর্শ রয়েছে কিন্তু ভোটের সময় অন্য প্রতীকে সমর্থন দিচ্ছেন, তাদের এই কাজের জন্য প্রকৃতি কখনোই ক্ষমা করবে না।

প্রচারণার সময় নিজের ওপর হামলার অভিযোগ তুলে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সম্প্রতি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এই হামলায় স্থানীয় কোনো সাধারণ মানুষ জড়িত নয়, বরং কুমিল্লার লাকসাম ও ফেনীর দাগনভূঞা থেকে ২২ জন ভাড়াটে সন্ত্রাসী এনে এই নাশকতা চালানো হয়েছে। হামলার খবর পেয়ে হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে এলেও তিনি তাদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানান। ফারুক আরও বলেন, নিজের জীবনের বিনিময়ে হলেও তিনি কর্মীদের রক্ষা করবেন এবং সন্ত্রাসের জবাব ব্যালটের মাধ্যমে দিতে চান।

বক্তব্যের শেষ পর্যায়ে জয়নুল আবদিন ফারুক দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ সারা দেশে ২৮০টি আসনে জয়লাভ করবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। তিনি পুনর্ব্যক্ত করেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, তারা কখনোই ধানের শীষের বাইরে গিয়ে অন্য কোনো স্বতন্ত্র প্রতীকে ভোট দিতে পারেন না। এই জনসভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ ভোটারদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।