ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
রোববার (১৪ জুন) চালানো এই হামলার পর বৈরুতের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় বৈরুতের শহরতলিতে বিমান হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, রোববার হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে তিনটি রকেট বা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, এটি যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন।
হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কয়েকটি ইসরায়েলের উত্তরাঞ্চলের শোমেরা ও শ্লোমি এলাকার আশপাশে আঘাত হানে বলে জানিয়েছে ইসরায়েল।
এর আগে গত সপ্তাহেও বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলার পর ইরান সরাসরি ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছিল।
হিজবুল্লাহর প্রধান সমর্থক ইরান শুরু থেকেই বলে আসছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো যুদ্ধবিরতি বা চুক্তিতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দেন, রোববারের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি হতে পারে।
তবে সম্ভাব্য চুক্তির খসড়ায় লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি রাখা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এর দুই দিন পর ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। পরে ৪ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল।
২ মার্চ থেকে ইসরায়েলের হামলায় লেবাননে ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ে দেশটির ১০ লাখের বেশি মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ, বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আল জাজিরা