রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: পেজেশকিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মিনি এপিক ফিউরি’ নামের নতুন সামরিক অভিযানের হুমকির পর থেকেই গোটা অঞ্চলে এক ধরনের থমথমে ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে যে অন্তর্বর্তীকালীন চুক্তি হওয়ার কথা ছিল, তা ভেস্তে যাওয়ার জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেও এই চুক্তি বাস্তবায়নে উভয় পক্ষকে আবারও আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির এক সম্প্রচারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মিনি এপিক ফিউরি’ নামের নতুন সামরিক অভিযানের হুমকির পর থেকেই গোটা অঞ্চলে এক ধরনের থমথমে ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

তবে মার্কিন প্রেসিডেন্টের এমন রণহুংকার এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উসকানিমূলক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, তাদের ভূখণ্ডে সামান্যতম আঘাত এলেও এর চেয়ে কয়েক গুণ শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রতিশোধ নেওয়া হবে।

এর পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আবদোল্লাহি কড়া ভাষায় জানিয়েছেন, মার্কিন বাহিনীকে পারস্য উপসাগরে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানিও একই সুরে বলেছেন, তেহরান সবসময় শান্তিকামী, তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা বিন্দুমাত্র পিছপা হবে না।

উত্তপ্ত এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটের মাঝেই ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেয়ি এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। এসব উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধ, সাম্প্রতিক সংঘাতের ক্ষতিপূরণ আদায় এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়।