যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৫ মে) দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ৪ মে নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ প্রথমে দুবাই পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে ৬ মে স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, হত্যাকাণ্ডে নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।