পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার, দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
রবিবার, তৃতীয় দিনে রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সোমবার (চতুর্থ দিন) ও মঙ্গলবার (পঞ্চম দিন) দেশের সব বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে পঞ্চম দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনেও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। তখন পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।







